গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত ৪৪ পুলিশ সদস্যের তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ তালিকার বাইরেও পুলিশ নিহতের কোনো ঘটনার কথা কেউ দাবি করলে পুলিশ সদর দপ্তরে প্রমাণ সরবরাহের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বার্তায় এ আহ্বান জানানো হয়।
তালিকায় নিহতদের নাম, পদের নাম, মৃত্যুর তারিখ, সংযুক্ত ইউনিটের নাম ও ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন পরিদর্শক, ১১ জন এসআই, ৭ জন এএসআই, একজন এটিএসআই, একজন নায়েক ও ২১ জন কনস্টেবল রয়েছেন। তাদের মধ্যে ডিএমপির ১৪ জন, এনায়েতপুর থানার ১৫ জন, সোনাইমুড়ী থানার ২ জন, তিতাস থানার ২ জন, কচুয়া থানার একজন, বানিয়াচং থানার একজন, ঢাকা এসবির একজন, নারায়ণগঞ্জ পিবিআইয়ের একজন, ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের একজন, কুমিল্লা হাইওয়ে পুলিশের একজন, কসবা থানার একজন, খুলনা মহানগর পুলিশের একজন, গাজীপুর মহানগর পুলিশের একজন এবং ঢাকা জেলার ২ জন পুলিশ সদস্য ছিলেন। সবচেয়ে বেশি, ২৪ জন পুলিশ মারা গেছেন ৫ আগস্ট, শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার দিন। তার আগের দিন ৪ আগস্ট মারা গেছেন ১৪ জন। বাকিরা নিহত হয়েছেন বিভিন্ন সময়ে।
তালিকা প্রকাশ করে পাঠানো বার্তায় বলা হয়েছে, আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা ও ভুল তথ্য ছড়াচ্ছে। গণঅভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা এখানে দেয়া হলো। পুলিশ সদর দপ্তর এ তালিকা প্রকাশ করেছে। যেসব অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হন, পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে; তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে থাকে। এ তালিকার বাইরেও পুলিশ নিহতের কোনো ঘটনার কথা কেউ দাবি করলে পুলিশ সদর দপ্তরে প্রমাণ সরবরাহের আহ্বান জানানো হয়েছে ওই বার্তায়।
নিহত তিন পুলিশ পরিদর্শক হলেন মো. আব্দুর রাজ্জাক, রাশেদুল ইসলাম ও মো. মাসুদ পারভেজ ভূইয়া। নিহত ১১ জন এসআই হলেন সুজন চন্দ্র দে, খগেন্দ্র চন্দ্র সরকার, রেজাউল করিম, মো. মামুনুর রশিদ সরকার, বাছির উদ্দিন, রইস উদ্দিন খান, তহছেনুজ্জামান, প্রণবেশ কুমার বিশ্বাস, মো. নাজমুল হোসাইন, আনিসুর রহমান মোল্লা ও সন্তোষ চৌধুরী। নিহত ৭ জন এএসআই হচ্ছেন সঞ্জয় কুমার দাস, ফিরোজ হোসেন, সোহেল রানা, রাজু আহমেদ, ওবায়দুর রহমান, রফিকুল ইসলাম ও মো. মোক্তাদির। নিহত এটিএসআই আলী হোসেন চৌধুরী ও নিহত নায়েক মো. গিয়াস উদ্দিন। নিহত ২১ পুলিশ কনস্টেবল হলেন মো. আব্দুল মজিদ, রেজাউল করিম, মাহফুজুর রহমান, শাহিদুল আলম, মো. আবু হাসনাত রনি, মীর মোনতাজ আলী, সুমন কুমার ঘরামী, মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ ইব্রাহিম, মো. আব্দুস সালেক, মো. হাফিজুল ইসলাম, মো. রবিউল আলীম শাহ, মো. হুমায়ুন কবীর, মো. আরিফুল আযম, মো. রিয়াজুল ইসলাম, মো. শাহিন উদ্দিন, মো. এরশাদ আলী, মাইনুদ্দিন লিটন, মো. সুজন মিয়া, মো. খলিলুর রহমান ও মো. হানিফ আলী।
এর আগে গত ১৪ আগস্ট পুলিশ সদর দপ্তরের বার্তায় ৪৪ পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য দিলেও সে সময় নিহতদের তালিকা প্রকাশ করা হয়নি।










