চট্টগ্রামের মিরসরাইয়ে পানির স্রোতে পাহাড়ি ট্রেইল থেকে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় পথ হারিয়ে ফেলেন আরো তিন শিক্ষার্থী। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে মঙ্গলবার পাহাড়ে বেড়াতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন।
নিহত শিক্ষার্থীরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আমিনুল গালিব (২০) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালা পাড়া এলাকার ইব্রাহিম হৃদয় (২২)। তারা দুজন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মো. সায়েম, রায়হান ও মিরাজ নামে তিনজন।
পাহাড়ি ট্রেইল হলো পাহাড়ের ওপরে বা আশপাশে হেঁটে চলার পথ, যা সাধারণত দুর্গম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত হয়ে থাকে। এটি একটি পথ যা পাহাড়ের ঢাল বেয়ে ওপরে বা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে ব্যবহার হয়। ট্রেকিং বা হাইকিং করার জন্য এ পথগুলো খুবই জনপ্রিয়।
দুর্ঘটনায় আহত মোহাম্মদ সায়েম বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টায় ফেনী থেকে আমরা পাঁচ বন্ধু মিরসরাইয়ের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে বেড়াতে গিয়েছিলাম। বিকালে ট্রেইল এলাকায় ভারি বৃষ্টি হলে আমাদের সঙ্গে থাকা আমিনুল গালিব ও ইব্রাহিম হৃদয় হারিয়ে যায়। আমরা তিনজনও পথ হারিয়ে বিচ্ছিন্নভাবে রাত কাটিয়েছি। গতকাল সকালে পরিচিত কিছু বন্ধু ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে আমাদের উদ্ধার করে।’










