উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এ সপ্তাহে পরীক্ষা আছে তিনটি। রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা। এছাড়া আশুরার তাজিয়া মিছিল হবে। এ কারণে চলতি সপ্তাহে পুরোটাই যানজট থাকার আভাস দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি মিডিয়া সেন্টারে গতকাল ‘ঢাকা মেট্রোপলিটন এলাকার জনগণের ট্রাফিক নির্দেশনা’ সংক্রান্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রাফিক বিভাগ। 

এতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এসএম মেহেদী হাসান জানান, এ সপ্তাহে এইচএসসির তিনটি পরীক্ষা। পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্মদিবস। প্রথম কর্মদিবসে মানুষের সড়কে চলাচল বৃদ্ধি পায়, এটিও আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এছাড়া ১৫ জুলাই উল্টো রথযাত্রা। এদিন সনাতন ধর্মাবলম্বীরা রাস্তায় বের হবেন। সারা ঢাকা শহরে তাদের গমনাগমন বাড়বে। পাশাপাশি ১৭ জুলাই আশুরা, তাজিয়া মিছিল আছে। এ সময়ে যানজট বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। 

শাহবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কোটা আন্দোলনের নামে জনভোগান্তি তৈরি হচ্ছে। পুলিশ সবসময় বলে কেউ জনভোগান্তি করলে আইন প্রয়োগ করা হবে। কিন্তু এক্ষেত্রে আইন প্রয়োগ না করে জনভোগান্তি বাড়ানো হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মেহেদী হাসান বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাফিক বিভাগের সদস্যরা আটটি ডিভিশনের ভেতরে সমন্বয় সাধন করে। পাশাপাশি ক্রাইম বিভাগের সঙ্গে টিম ডিএমপি আমরা একযোগে কাজ করি। আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের গমনাগমনের ক্ষেত্রে ভোগান্তি যত কমানো যায়। শুক্রবার পুরো শহরে যানজট হয়েছিল শুধু বৃষ্টির কারণে। এ ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যে ধরনের চ্যালেঞ্জ ফেস করি তার মধ্যে রাস্তা খোঁড়াখুঁড়িও একটি। আমরা সামগ্রিকভাবে ট্রাফিক বিভাগের সব সদস্য রাত-দিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সাধারণ মানুষের ভোগান্তি যেন কিছুটা হলেও লাঘব করতে পারি।’