রমজান সামনে রেখে ফেনীতে শসা, লেবু, মাছ, মাংস, ভোজ্যতেল ও ইফতার সামগ্রীর বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার (১ মার্চ) দুপুরে মহিপাল বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৫ ধারায় মেসার্স জয়নাল স্টোরকে ২ হাজার, বিসমিল্লাহ জেনারেল স্টোরকে ২ হাজার ও সুজন রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে উপস্থিত ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন,
‘ভোজ্যতেলের ডিলার পয়েন্ট, পাইকারি ও খুচরা দোকানগুলোতে মনিটরিং করা হয়। তেলের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও সাপ্লাই চেইন ঠিক আছে কিনা তদারকি করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’










