বেশি দামে ডাব বিক্রি বন্ধে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। গতকাল এ অভিযানে সোহেল নামে এক ডাব বিক্রেতার কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে শহরের গোহাট, কোর্ট রোড, বড় বাজার ও মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে ডাব বিক্রেতাদের ক্রয় মেমো ও বিক্রির দর পর্যবেক্ষণ করা হয়।

ডেঙ্গু পরিস্থিতির কারণে ডাবের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিকভাবে দাম বাড়িয়েছেন। ক্রয়-বিক্রয় দরে সামঞ্জস্য বজায় রাখা এবং মূল্যতালিকা টানিয়ে ডাব বিক্রির জন্য বিক্রেতাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। 

এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় আরো তিন মুদি দোকানির কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এ অভিযানে।