চট্টগ্রামে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজখবর নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। সম্প্রতি তিনি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় নিহত ছাত্রদের বাড়িতে যান। এ সময় উপদেষ্টা নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও তাদের খোঁজখবর নেন।
আজ রোববার (৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় উপদেষ্টা ফারুক-ই-আজম নিহতদের মধ্যে মো. শহিদুল ইসলাম, মো. ফারুক, মোহাম্মদ আলম, মো. ফয়সাল আহমেদ শান্ত, ইউসুফ ও জামাল মোল্লার বাড়িতে যান। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, ওসি (তদন্ত), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা।










