সুনামগঞ্জের তাহিরপুরে জমিজমার বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় রহমত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলা সদর ইউনিয়নের বীরনগর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রহমত আলী ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রহমত আলীর সঙ্গে কিবরিয়ার পরিবারের জমিজমা নিয়ে বিরোধ ছিল। গতকাল সকালে বাড়ির সীমানা নিয়ে আবারো তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপুরের দিকে রহমত আলী তার নিজ বাড়ির সামনে বন কাটা নিয়ে প্রতিবেশী মশুল হোসেনের ছেলে কিবরিয়াকে বাধা দিলে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় কিবরিয়ার হাতে থাকা শাবলের আঘাতে রহমত আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় সদর ইউনিয়নের বীরনগর গ্রামের কিবরিয়া (৩৭) ও তার ভাই আল হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।