হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। এ ঘটনায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম এ আদেশ জারি করেন। বুধবার দুপুর পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। তিনি বলেন, সংঘর্ষে আক্রান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় এ আদেশ জারি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ আদেশের সময়সীমা বর্ধিত করা হতে পারে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুহিন সওদাগর ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ অবস্থায় কুহিন সওদাগরের পিতাকে নিয়ে হান্নান মিয়ার কয়েকজন নেতাকর্মী ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জেরে উভয়ের পক্ষের লোকজন সোমবার রাতে প্রথম দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন।

মঙ্গলবার সকালে উভয়পক্ষ আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কাকাইলছেও গ্রামের ছোরত আলীর ছেলে ব্যবসায়ী রাসেল মিয়া (৪৫) নিহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুট করা হয়।