মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারের অপেক্ষায় ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হয়নি। ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে সানরাইজার্স হায়দরাবাদের ২০১ রান তাড়া করে জিতে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। বিদায় নেয় রাজস্থান।

কিন্তু সেই জয় মুম্বাইয়ের প্লে-অফ নিশ্চিত করছিল না। পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে জিতলেই বেঙ্গালুরু উঠে যেত প্লে-অফে। তাই রুদ্ধশ্বাস অপেক্ষায় থাকেন রোহিত শর্মা, গ্রিনরা। হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনায়ও বসেছিলেন। ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছেন। বেঙ্গালুরু নিজেদের মাঠে গুজরাটের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে। গুজরাট ও চেন্নাই সুপার কিংস আজ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে। চেন্নাইয়ের মাঠে এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি উঠে যাবে ফাইনালে।