রংপুরে অন্যজনের চাকরির পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন গোলাম রব্বানী নামে এক ব্যাংক কর্মকর্তা। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ অক্টোবর) রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তিনি রংপুরের পীরগঞ্জের টিওরমারী গ্রামের বাসিন্দা। ওই কেন্দ্রের রাহাদুজ্জামান সুজন নামে এক চাকরিপ্রার্থীর প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, পরীক্ষায় প্রক্সি হিসেবে অংশ নেয়ায় গোলাম রব্বানী নামে এক ব্যক্তিকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিস্কার করা হয়েছে। তিনি খ্যাদ্য বিভাগের আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।










