জিম্বাবুয়ের মাটিতে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে টানা চার জয় তুলে নিল শ্রীলংকা। বুলাওয়েতে গতকাল স্কটল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে অপরাজিত থেকে পরবর্তী রাউন্ড সুপার সিক্সে উঠল সিংহলিজরা। সুপার সিক্স টেবিলে সবচেয়ে বেশি পয়েন্ট ও সর্বোচ্চ নিট রানরেট নিয়ে শীর্ষে অবস্থান করছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। কোনো অঘটন না হলে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে তাদের অংশগ্রহণ প্রায় নিশ্চিত।
টানা তিন জয় তুলে নেয়া স্কটল্যান্ডের সামনে আজ খানিকটা নার্ভাস ছিল শ্রীলংকা। পাথুম নিশাঙ্কা (৮৫ বলে ৭৫) ও চারিথ আসালঙ্কার (৬৫ বলে ৬৩) হাফসেঞ্চুরির পরও একটি পর্যায়ে ২০৩ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা। যদিও এরপর মহীশ থিকসানা (১৬) ও হাসারাঙ্গা ডি সিলভার (১৫) ব্যাটে ভর করে প্রতিপক্ষকে ২৪৬ রানের টার্গেট ছুড়ে দিতে সমর্থ হয় তারা।
ক্রিস গ্রিভস চারটি, মার্ক ওয়াট তিনটি ও ক্রিস সোল দুটি উইকেট নেন। এরপর ব্যাট হাতেও আলো ছড়ান ক্রিস গ্রিভস। ৪১ বলে করেন ৫৬ রান। যদিও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্কটিশরা ২৯ ওভারে ১৬৩ রানে গুটিয়ে গেছে। থিকসানা তিনটি ও হাসারাঙ্গা দুটি উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা হন থিকসানা।
এবার সুপার সিক্সের লড়াই। ‘এ’ গ্রুপ থেকে জিম্বাবুয়ে (৮ পয়েন্ট), নেদারল্যান্ডস (৬ পয়েন্ট) ও ওয়েস্ট ইন্ডিজ (৪ পয়েন্ট) উঠেছে সুপার সিক্সে। আর ‘বি’ গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে শ্রীলংকা (৮ পয়েন্ট), স্কটল্যান্ড (৬ পয়েন্ট) ও ওমান (৪ পয়েন্ট)।
সুপার সিক্স টেবিলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলংকা (২.৬৯৮) ও সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে জিম্বাবুয়ে (০.৯৮২)। এরপর স্কটল্যান্ড (২), নেদারল্যান্ডস (২), ওয়েস্ট ইন্ডিজ (০) ও ওমান (০)। সুপার সিক্সে প্রতিটি দল খেলবে অন্য গ্রুপ থেকে আসা তিন দলের বিপক্ষে।










