বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজা মারা গেছেন। গতকাল শনিবার রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।

মুকরেমা রেজার তার বয়স হয়েছিল ৭১ বছর। শারীরিক নানা জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফেরেন তাঁর একমাত্র মেয়ে কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

মুকরেমা রেজার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। তারা পৃথক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ রোববার বাদ আসর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্বামী এইচ এম হাসান রেজা ২০১৭ সালের মার্চে মারা যান। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- সাবেক ডিআইটি’র প্রকৌশলী ছিলেন।