বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সকালে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
বগুড়া: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্ম বগুড়ায়। তিনি ১৯৭৭ সালে দেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৮১ সালের ৩০ মার্চ সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্যের গুলিতে শহীদ হন। মাত্র ২১ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে ৩৬ বছর বয়সে খালেদা জিয়া অকাল বৈধব্য বরণ করেন। ১৯৮২ সালে তিনি বিএনপির রাজনীতিতে নাম লেখান। তার মৃত্যুতে বগুড়ায় নেমে এসেছে শোকের ছায়া। শোক ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন দেয়াল, বিপণিবিতান, দোকান ও বাজারে ব্যানার টানিয়েছেন নেতাকর্মীরা। কোনো কোনো মার্কেট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। কান্নায় ভেঙে পড়েছেন দলীয় নেতাকর্মীরা। গতকাল সকালে খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ে ছুটে আসেন নেতাকর্মীসহ সাধারণ মানুষ। খালেদা জিয়ার মৃত্যুতে শোক কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ করা হয়। বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ অবস্থায়ও দলের ও দেশের মানুষের খোঁজ নিতেন। উন্নত চিকিৎসার জন্য আমরা বারবার দাবি জানিয়েছি। এ অপূরণীয় ক্ষতি কোনোদিন পূরণ হওয়ার নয়। আমরা তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।’
ফেনী: খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফেনীতেও শোকে স্তব্ধ হয়ে পড়েছেন নেতাকর্মী ও খালেদা জিয়ার স্বজনরা। তার পৈতৃক বাড়ি ফুলগাজী উপজেলার শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়িতে শোকের আবহ। মৃত্যুর খবর পেয়ে আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতারা ও সাধারণ মানুষ ছুটে আসেন মজুমদার বাড়িতে। খালেদা জিয়ার স্মৃতি মনে করে কেঁদে ওঠেন অনেকেই। পরে দোয়া ও কোরআন খতমে অংশ নেন জনসাধারণ ও বিএনপি নেতাকর্মীরা।
খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম মজুমদার বলেন, ‘সারা জীবন আমার বোন এ দেশের মানুষের জন্য কাজ করেছেন। নানাভাবে জুলুম নির্যাতনে শিকার হওয়ার পরও তিনি গণতান্ত্রিক অধিকার আদায়ে আপসহীন ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’
রাজশাহী: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। সকাল থেকেই নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে। বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যশোর: খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ যশোর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা বাকরুদ্ধ হয়ে পড়েন। ছুটে আসেন দলীয় কার্যালয়ে। দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়েছে। শোকাহত নেতাকর্মীসহ সাধারণ মানুষ যার যার অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রার্থনা করেন। দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। এর আগে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন। সেখানে শোকবই রাখা হয়েছে। অধ্যাপক নার্গিস বেগম নিজে শোকবইয়ে স্বাক্ষর করেন। এছাড়া জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ শোকবইয়ে স্বাক্ষর করেন।
এছাড়া মেহেরপুর, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নওগাঁ, খুলনা, পটুয়াখালী, সিলেট, রংপুরসহ সারা দেশে আপসহীন এ নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে।










