কুড়িগ্রামে ধানক্ষেত থেকে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নে হিরার ভিটা নামক এলাকার ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অটো চালক বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। স্থানীয়দের ধারণা, রাতে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা করে রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, চালক ও অটোরিকশাটি ফুলবাড়ী থেকে নিয়ে এসে নাগেশ্বরী এলাকায় ঘটনাটি ঘটানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের কারণে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। মরদেহ থানায় নিয়ে এসে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্ত ছাড়া আসল ঘটনা বলা যাচ্ছে না। আর আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।