কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা ও মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিশাত জাহান চৌধুরী এ আদেশ দেন। আসামি সাইফুল নগরীর শাকতলা এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, আসামি সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরী নিজেকে ওয়ার্ল্ড ভিউ ট্যুরস অ্যান্ড ভিসা কনসালটেন্সি নামক একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর পরিচয়ে স্টুডেন্ট ও ওয়ার্ক পারমিট ভিসায় বিভিন্ন দেশে শিক্ষার্থী ও লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন। তিনি নগরীর শাকতলা এলাকার বাসিন্দা সাংবাদিক কাজী মীর আহমেদ মীরুর ছেলেকে স্টুডেন্ট ভিসায় কানাডা পাঠানোর প্রস্তাব দেন। ওই সাংবাদিক খোঁজখবর নিয়ে জানতে পারেন, ফেসবুক আইডি ও ভিজিটিং কার্ড ছাপিয়ে বিজ্ঞাপন প্রচার করলেও তার কোনো ভিসা সেন্টার নেই। এতে তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করলে সাইফুল ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে হুমকি দেন। এরই মধ্যে গত ৪ জুন সন্ধ্যায় সাইফুল অজ্ঞাতনামা লোকজনসহ নগরীর টমছমব্রিজ এলাকায় সাংবাদিককে পেয়ে তার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় তিনি এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মেরে সাংবাদিককে আহত করেন। একপর্যায়ে সাইফুল ওই সাংবাদিকের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন।
এ ঘটনায় কাজী মীর আহমেদ মীরু বাদী হয়ে ৫ জুন রাতে সাইফুল ইসলামকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ওইদিন রাতে পুলিশ তাকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
আদালতের পুলিশ উপ-পরিদর্শক মো. জিল্লুর রহমান জানান, অস্ত্র উদ্ধারের বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ৩ দিনের রিমান্ডের আবেদন করলে আসামির উপস্থিতিতে উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।















