দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে মাদারীপুর, নওগাঁ, টাঙ্গাইল, মৌলভীবাজার, ঝিনাইদহ ও গোপালগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

মাদারীপুর: জেলার রাজৈরে কাভার্ড ভ্যানচাপায় এক স্বর্ণ ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিণ আমগ্রাম এলাকার নিত্যানন্দ গাইনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) ও একই এলাকার বিকাশ সরকারের ছেলে ভ্যানচালক বিপ্লব সরকার (৩৩)।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. মামুন আল রশিদ জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁ: বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া তেঁতুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে মোস্তফা সর্দার (৫৫)। অন্যজন পোরশা উপজেলার আব্দুল মালেক।

টাঙ্গাইল: কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর জেলার বাসিন্দা ট্রাকচালক সোহেল ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আমিনুর রহমান।

মৌলভীবাজার: ব্যাটারিচালিত টমটমের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বটতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) ও তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)। তারা দুজনই শরীফপুর ইউনিয়নের তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের মার্কাস মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম মাগুরার শালিখা উপজেলার সাবলাহাট গ্রামের বজলুর রহমানের ছেলে।

গোপালগঞ্জ: কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ মজুমদার (৩২) পিরোজপুরের গোবরধন গ্রামের প্রদীপ মজুমদারের ছেলে।