মেহেরপুরের গাংনীতে গরু বহনকারী একটি ট্রলির চাপায় তাসনিমা (৪) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
তাসনিমা মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মদহ গ্রামের সৌদি প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নাল আবেদীনের বাড়ির পাশে কাজেমের সবজির দোকানে হালখাতা চলছিল। সেখানে তাসনিমাকে সঙ্গে নিয়ে যান তার মা ময়না খাতুন। এ সময় একটি দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পার হওয়ার সময় দৌলতপুর ধর্মদহ বাজার থেকে বামদীর দিকে যাওয়া একটি গরুবাহী ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করে। তবে পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলি ও তার চালককে আটক করেছে।
গাংনী থানার ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










