টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মনসুর রহমান নামে পুলিশের এক এসআই দগ্ধ হয়েছেন। গতকাল ভোরে এলেঙ্গা হাইওয়ে দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইউরেনিয়াম নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা দায়িত্ব পালনকালে দগ্ধ হন তিনি।

আহত মনসুর রহমান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মহেশপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই)।

এ বিষয়ে কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, গতকাল এলেঙ্গা উৎসব ফিলিং স্টেশনসংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিনতলা ভবনের ছাদে দায়িত্ব পালন করছিলেন এসআই মনসুর। এ সময় ভবনের পূর্ব পাশে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এতে ছাদ ঘেঁষে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারে আগুন লাগলে এসআই মনসুরের শরীরে এসে পড়ে। এতে তার শরীর দগ্ধ হয়। 

তাৎক্ষণিক পাশে ডিউটিতে থাকা নায়েক নাজমুল আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক উৎসব ফিলিং স্টেশনের পাশে রাউন্ড ডিউটিতে ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত ছাদে গিয়ে আগুন নেভান। পরে এসআই মনসুরকে চিকিৎসার জন্য টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেয়া হয়েছে।