ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী শ্রমিক।

নিহত আসমা আক্তার ত্রিশাল উপজেলার বিলবোকা কাঁঠাল গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তিনি সিডস্টোর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের দিকে আসমা আক্তারসহ দুই নারী শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত সিএনজি অটোরিকশা তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক আসমাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত আরেকজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঢাকাগামী একটি ট্রাকের চাপায় আসমা আক্তার নিহত হন। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহত নারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।