সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের আরো এক ভাইসহ গুরুতর আহত হয়েছে দুইজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার মধ্যনগরের শালদিঘা হাওরে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হলেন- পাইকুরহাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মনু মিয়ার ছেলে খোকন মিয়া (৪০) ও জিলন মিয়া (৩৮)। আহতরা হলেন- তাদের আরেক ভাই রুকন মিয়া এবং একই গ্রামের পরশংকর দাসের ছেলে মতিন্দ্র দাস।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ ভোরে খোকন মিয়া, জিলন মিয়া ও রোখন মিয়াসহ কয়েকজন জেলে মধ্যনগরের শালদিঘার হাওরে মাছ ধরতে যান। হঠাৎ সকালের দিকে আকস্মিক বজ্রপাতে খোকন ও জিলন ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা নিহত ও আহতদেরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো দুইজন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।










