বৈষম্য দূরীকরণে ৬ দফা দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি থেকে কাজে ফিরছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সাত শতাধিক কর্মচারী। তাই আগামী রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক মেট্রোরেলের সচিবালয় স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতি দ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা নোবেল দে স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়। চিঠিতে আগামী রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চলাচলের আশাবাদও ব্যক্ত করা হয়। তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি। পাশাপাশি সচিব এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।