সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকার অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুরমা নদীর দোয়ারাবাজার-আজমপুর ঘাটে এ ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা ১০ বছরের এক শিশুসহ দুইজন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।
নিখোঁজরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গবিনপুর গ্রামের মৃত রইচ আলীর ছেলে শামসুল ইসলাম(৩৫) ও এক ১০ বছরের শিশু।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সন্ধ্যায় ঘাট পারাপারের সময় হঠাৎ বালু বুঝাই করা একটি বাল্কহেড ফেরী নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা অর্ধশতাধিক যাত্রী আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করলেও দুইজন এখনো নিখোঁজ রয়েছে।
দোয়ারাবাজার ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নুরুল ইসলাম বলেন, এখনো দুইজন নিখোঁজ রয়েছে। আমরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রাতের মধ্যে তাদেরকে না পেলে সকালে ডুবুরি দল এনে উদ্ধার অভিযান চালানো হবে।










