কোটা সংস্কার আন্দোলনের সময় কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর ও পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেছেন রাজারবাগ পুলিশ লাইনসের গাড়িচালক খলিলুর রহমান।

শাহবাগ থানার উপ পরিদর্শক রোকনুজ্জামান বণিক বার্তাকে বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় বৃহস্পতিবার (১১ জুলাই) অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছেন। গাড়ি ভাঙচুরের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার আসামির তালিকায় কারো নাম উল্লেখ করা হয়নি।

গাড়িচালক খলিলুর রহমানের করা মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাতনামা ছাত্ররা জড়ো হন। পরে বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাতনামা ছাত্ররা শাহবাগ মোড়ে গিয়ে ব্যারিকেড ভেঙে ফেলেন। পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করেন।