১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে এবং অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। গতকাল মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। একই সঙ্গে দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলায় শহীদ বেদি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় জনতা। সারা দেশে বিজয় দিবস উদযাপনের বিস্তারিত সংবাদমাধ্যম ও প্রতিনিধিদের পাঠানো খবরে—

যশোর: মহান বিজয় দিবস উপলক্ষে দেশের প্রথম পাক হানাদারমুক্ত জেলা যশোরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে গতকাল পুষ্পস্তবক অর্পণ করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান, পুষ্পস্তবক অর্পণ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত হয়।

ফেনী: ফেনীতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল বিজয়ের ৫৪ বছর পূর্তিতে দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের স্মরণে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। শহরের জেল রোডে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এছাড়া জেলার ছয় উপজেলায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল: টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয় এবং শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক শরীফা হক শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জুসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

ময়মনসিংহ: সারা দেশের মতো ময়মনসিংহেও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল ভোরে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের শহীদ বেদিতে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া মুক্তিযোদ্ধা জেলা ও মহানগর সংসদ, সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে গণকবরে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

বাগেরহাট: বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। শহরের দশানীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও দশানীর স্মৃতিস্তম্ভে ভিড় করেন।

রাজবাড়ী: রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারি সংগঠন শহরের শ্রীপুর বাস টার্মিনাল, রেলগেট শহীদ স্মৃতি চত্বর, লোকোশেড বদ্ধভূমি এবং শহীদদের বিভিন্ন কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মনজুর মোরশেদ উপস্থিত ছিলেন।

মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল সকালে বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলির পর উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়েও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবসে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বিজয় মেলা ও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং তোপধ্বনি করা হয়।

সকাল সাড়ে ৮টায় জেলা ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া পৌর পার্কে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন, দোয়া মাহফিল ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রংপুর: রংপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, রংপুর সিটি করপোরেশন, জেলা পুলিশ, জেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা-উপজেলা পর্যায়ে খেলা প্রতিযোগিতা, ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা এবং হাসপাতাল, এতিমখানা, প্রতিবন্ধী ও বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করা হয়।

বগুড়া: বগুড়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। গতকাল সকাল থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

সকাল ৮টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসকের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী হয়। দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়।