চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গতকাল এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বিপরীতে ভুলবশত পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন দেয়া হয়েছে। চট্টগ্রামে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বিজয় সরণি ডিগ্রি কলেজ কেন্দ্রে সকালে পরীক্ষার প্রশ্ন দেয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা দায়িত্বরত শিক্ষকদের বিষয়টি জানালে সেই প্রশ্ন ফেরত নিয়ে ২ ঘণ্টা পর পুনরায় প্রথম পত্রের প্রশ্ন এনে পরীক্ষা গ্রহণ শুরু করা হয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম জানান, সকালে এই একটি কলেজে ভুল প্রশ্ন দেয়ায় এ সমস্যা হয়। যদিও পরীক্ষার শুরুতে নৈর্ব্যক্তিক পরীক্ষা ঠিক ছিল। লিখিত পরীক্ষার প্রশ্ন দেয়ার সময় এ ভুল দেখা দেয়। পরে বিষয়টি আমাদের জানালে আমরা শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসনকে জানাই। শিক্ষা বোর্ডের পরামর্শে দ্রুত সময়ে দ্বিতীয় পত্রের প্রশ্ন তুলে নিয়ে প্রথম পত্রের পরীক্ষা শুরু করতে বলা হয়। এ ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।