সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রে বৈষম্য দূর এবং উড়োজাহাজ ভাড়া সহনীয় পর্যায়ে আনার দাবিতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।
সিলেটবাসীর দাবি আদায়ে গঠিত ‘সিলেট আন্দোলন’-এর ব্যানারে পালন করা হয় এ কর্মসূচি। নবগঠিত এ সংগঠনের নেতৃত্বে রয়েছেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘গত ১৫ বছরেও সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজ শেষ হয়নি। অনলাইনে রেলের টিকিট মেলে না। উড়োজাহাজ ভাড়া আকাশচুম্বী। এ অবস্থায় সিলেটের মানুষের নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে এবং আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ না হলে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করে ছাড়ব।’
কর্মসূচিতে ব্যবসায়ী, শিক্ষাবিদ, পেশাজীবী সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা যোগ দেন। সভাপতিত্ব করেন মাওলানা আসজাদ আহমদ।
অবস্থান কর্মসূচি সফল করতে নবগঠিত এ সংগঠনের প্রধান আরিফুল হক চৌধুরী কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে গণসংযোগ করেন। এছাড়া কর্মসূচির সমর্থনে শনিবার রাতে নগরীতে মশাল মিছিল বের করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের পরামর্শক্রমে গঠন করা হয় ‘সিলেট আন্দোলন’। সভায় গতকাল অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
অবস্থান কর্মসূচিতে সূচনা বক্তব্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরেও সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজ শেষ হয়নি। অনলাইনে রেলের টিকিট মেলে না। উড়োজাহাজ ভাড়া আকাশচুম্বী। এ অবস্থায় সিলেটের মানুষের নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে এবং আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ না হলে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করে ছাড়ব।’










