জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক হওয়ায় ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিমকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।
সংগঠনটির মেটা পেজে প্রকাশিত এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। এতে বলা হয়, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিমের এ নিয়োগ দেশের এভিয়েশন খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তার নেতৃত্ব ও অভিজ্ঞতা খাতটির প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
গত ২৫ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক আদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত জানানো হয়। আদেশ অনুযায়ী, পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রুমি এ হোসেন।
১৩ সদস্যের এ পরিচালনা পর্ষদে রয়েছেন অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাসান উজ জামান, বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ।
এ ছাড়া পর্ষদে আছেন শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ, ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ।










