ময়মনসিংহের ভালুকায় বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছেন মুলতাজিম স্পিনিং মিলের শ্রমিকরা। এ সময় মহাসড়কে টানা ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। গতকাল বেলা ২টার দিকে ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। বিকাল ৪টা ২০ মিনিটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, ওই কারখানায় প্রায় সাড়ে চার হাজার শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন না পাওয়ায় তারা চরম ভোগান্তিতে রয়েছেন। বারবার দাবি জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি, তাই তারা বেতন আদায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫-এর এসপি মো. ফরহাদ হোসেন খান জানান, শ্রমিকদের বেতন ১০ তারিখ দেয়ার কথা ছিল। ওইদিন শুক্রবার হওয়ায় কোম্পানি রোববারে বেতন দেয়ার সিদ্ধান্ত জানায়। এতে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে সড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ন কবীর জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।