রাজধানীসহ দেশের পাঁচ স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ঢাকা: রাজধানীর উত্তরায় ট্রাকচাপায় সোহান শেখ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা, নানি ও বড় ভাই। গতাকাল সকাল ৬টার দিকে উত্তরা বিএনএস সেন্টার ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় সোহান ও তার মা তহুরুন্নেছাকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মা তহুরুন্নেছা জরুরি বিভাগে চিকিৎসাধীন। আর আহত নানি আবেজান বেগম (৬৫) ও বড় ভাই মাহমুদুল হাসান রোহানকে (১৩) পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নিহত সোহানের খালা রুনা বেগম জানান, তাদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার পুলঘাট গ্রামে। দুই ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন তারা। সোহানের বাবা রওনক হাসান আরেকটি বিয়ে করে অন্যত্র থাকেন। সোহান ও রোহান এলাকায় একটি মাদ্রাসায় পড়ে। তাদের মা অন্যের বাসায় কাজ করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিশুটির মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পূর্ব থানায় জানানো হয়েছে।

ঝিনাইদহ: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর হাসান নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আকাশ হোসেন নামে আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর ঝিনাইদহ শহরতলির কালিকাপুর এলাকার আবুল বাসার বিশ্বাসের ছেলে।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, তানভীর তার বন্ধু আকাশ হোসেনকে নিয়ে মোটরসাইকেলে শহর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ক্যাডেট কলেজের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তানভীর।

মাদারীপুর: মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকে থাকা আরো দুজন আহত হয়েছেন। গতকাল বিকাল ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার সার্বিক পেট্রল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মাহফুজ রহমান শীষ (১৬) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনাটিয়া গ্রামের বাসিন্দা ফিরোজ শাহের ছেলে।

পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে সদর থানার নতুন বাসস্ট্যান্ড-সংলগ্ন সার্বিক পেট্রলপাম্পের সামনে দিয়ে একটি ইজিবাইক মোস্তফাপুরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল এসে ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রী মাহফুজ রহমান শীষ ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অটোরিকশায় থাকা মাহফুজ রহমানের মা ফিরোজা বেগম (৩৫) ও খালা নুরুন্নাহার বেগম (৪৫) আহত হন। তাদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম: জেলার মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো এক পথচারী গুরুতর আহত হন। নিহত দীপন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার বাসিন্দা।

কক্সবাজার: চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইজিবাইক উল্টে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুর মা ও বাবা। শুক্রবার রাতে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া আকতার (১০) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা এলাকার মনোহর আলমের মেয়ে।