ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিএনপির প্রার্থী জীবা আমিনা খানের বিরুদ্ধে দায়েরকৃত আপিল আবেদন গ্রহণ করেননি নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন ভবনে আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে ইসি এ সিদ্ধান্ত নেয়।

শুনানি শেষে অভিযোগকারীর আইনজীবী ব্যারিস্টার হারুণ অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জীবা আমিনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন বিএনপির আন্তর্জাতিক উপকমিটির সদস্য মাসুদ মৃধা।

জীবা আমিনার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স বাবদ ৩৫ লাখ টাকা খেলাপি, ক্রিমিনাল মামলার তথ্য গোপন ও প্রকৃত আয়ের তথ্য গোপনের অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে দেয়া হয়েছিল। ইসি সেগুলো আমলে না নিয়ে বাছাইয়ে জীবা আমিনাকে বৈধ ঘোষণা করেন।

তাই আপিল করা হয়েছিল। তবে কমিশন বলেছে, যেহেতু অভিযোগকারী প্রার্থী নন, তাই আপিল গ্রহণযোগ্য নয়।

গত ২২ ও ২৩ এপ্রিল দু'দিনের বাছাইয়ে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র মোর্চার একজনের মনোনয়নপত্র-মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে।