২০১২ সালের ২১ জুন যাত্রা শুরু করা চ্যানেলটি দীর্ঘ পথচলায় দেশের অন্যতম জনপ্রিয় সংবাদভিত্তিক গণমাধ্যম হিসেবে অবস্থান তৈরি করেছে।
গতকাল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বারিধারায় চ্যানেলটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণায় অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, বিশিষ্টজন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে চ্যানেলটির প্রতি শুভেচ্ছা জানান।
এ সময় প্রতিষ্ঠানের কর্ণধার মোস্তফা কামাল, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিওও) ও বার্তাপ্রধান শফিক আহমেদ অতিথিদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীতে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণমাধ্যমকে জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, কোনো নির্দিষ্ট পক্ষের অবস্থান নিয়ে নয়। অতীতের বিতর্কিত ভূমিকা থেকে বেরিয়ে এসে একাত্তর টেলিভিশন যদি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখে, তবে জনগণের আস্থা আরো দৃঢ় হবে।’
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশের টেরিস্ট্রিয়াল ও ইলেকট্রনিক গণমাধ্যমের ক্ষেত্রে একাত্তর টেলিভিশন নতুন ধারা তৈরি করেছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও সংবাদ পরিবেশনায় চ্যানেলটি পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে। একাত্তরের চেতনা জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এ চেতনাকে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা উচিত নয়।’
দিনব্যাপী আয়োজনে দেশী-বিদেশী অতিথি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন এবং চ্যানেলটির অগ্রযাত্রার সাফল্য কামনা করেন।










