মুন্সিগঞ্জের গজারিয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে তার নিচে চাপা পড়ে দুই শিশু ও এক পথচারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে হোসেন্দী ইউনিয়নের জামালদী পূর্বপাড়া এলাকায় নতুন ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ওই দুই শিশু হলো— জামালদী এলাকার মফিজ উদ্দিনের ছেলে সারাফাত (৬) ও বিল্লাল হোসেনের মেয়ে জামিয়া (৬)। আরেক আহত ব্যক্তি হলেন পথচারী মিজানুর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল থেকে ফেরার পথে ওই দুই শিশু বেপরোয়া গতির ট্রাক দেখে রাস্তার পাশের এক বাসিন্দার বাড়ির সীমানা প্রাচীরের পাশে আশ্রয় নেয়। এ সময় সামুদা কেমিক্যাল কোম্পানির বেপরোয়া গতির ট্রাকটি সড়কের পাশে থাকা প্রাচীরে সজোরে ধাক্কা দিলে তা ভেঙে শিশুদের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা নিরাপদ যান চলাচলের দাবিতে আঞ্চলিক সড়কে বিক্ষোভ করে ও কোম্পানির দুটি গাড়ি আটক করে। এ সময় তারা গাড়িচালক ও তার সহযোগীকে মারধরও করে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুই স্কুল শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্য ব্যক্তিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।