সীতাকুণ্ডে এসএন শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান জাহাঙ্গীর হাওলাদার (৪৫) ও বরকতুল্লাহ (২৩)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ ও বরকতুল্লাহর ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মারা যান জাহাঙ্গীরের ভাগনে খায়রুল শেখ (২১), আহমেদ উল্লাহ (৩৮), আল আমিন (২৩) ও মোহাম্মদ হাবিব (৩৬)। বর্তমানে আনোয়ার হোসেন (২৫ শতাংশ দগ্ধ) ও আবুল কাশেম (৭০ শতাংশ দগ্ধ) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
বিস্ফোরণের সময় এসএন করপোরেশনের স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিংয়ের কাজ চলছিল। এতে গুরুতর আহত ১২ জনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।
এর আগে গত শনিবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন করপোরেশনের জাহাজ ভাঙা ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিংয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর দগ্ধ ও আহত হন ১২ জন। বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা গেলেন ছয় জন।










