ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের কলেজ পাড়ায় একটি বাড়ির পানির ট্যাংক থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
মঙ্গলবার (৪ মার্চ) বিকালে জেলা শহরের কলেজ পাড়ার ধন মিয়ার বাড়ির পানির ট্যাংক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফর হোসেন জানান, বিকালে স্থানীয়রা ট্যাংকের পানি থেকে রক্ত বের হতে দেখেন। পরে তারা পানির ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে পানির ট্যাংক কেটে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতের মুখ থেতলে গেছে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহে পঁচন ধরে গেছে। নিহতের বয়স আনুমানিক ২৮ বা ৩০ হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি হত্যা তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।










