পরিবারের সবচেয়ে ছোট রূপনা চাকমা। নেই ভালো ঘরবাড়ি, পারিবারিক সচ্ছলতা। অনেকটা প্রতিকূলতার মধ্যেই বেড়ে ওঠা। নানান প্রতিকূলতা ও সমাজের টিপ্পনীকে ডিঙিয়ে যখন দেশের জন্য সাফ ফুটবল জিতিয়ে নিলেন, সেরা গোলরক্ষক হলেন তখন সবার মুখে মুখে প্রশংসার জুড়ি নেই। সাফ নারী চ্যাম্পিয়নশিপের জিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় রিতুপর্ণা চাকমা ও রূপনা চাকমা পরিবারকে মঙ্গলবার দেড় লাখ করে ৩ লাখ টাকা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এদিন বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রূপনা চাকমার বাড়িতে যান। তার মায়ের হাতে দেড় লাখ টাকার চেক হস্তান্তর করেন। তখন পরিবার ও রূপনাদের ঘরবাড়ির অবস্থা দেখে ঘর দেয়ারও আশ্বাস দেন জেলা প্রশাসক। পাশাপাশি রূপনা ও রিতুপর্ণা চাকমার বাড়িতে যাওয়ার রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণেরও আশ্বাস দিয়েছেন ডিসি।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বণিক বার্তাকে বলেন, রূপনা চাকমার পরিবারকে ঘর করে দেয়ার জন্য বুধবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা এসেছে। আমি নানিয়ারচর ইউএনওকে দ্রুত কাজ করার জন্য বলেছি।










