দালালের মাধ্যমে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় প্রচণ্ড ঠাণ্ডায় সুনামগঞ্জের ছাতক উপজেলার দুই যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ক্রোয়েশিয়ার একটি জঙ্গলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতেরপাড়া গ্রামের মাসুক মিয়ার ছেলে রাজু আহমেদ (২২) ও জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের গয়াছ মিয়ার ছেলে রিহান আহমদ (২৪)।

জানা গেছে, দালালের মাধ্যমে কয়েক মাস আগে ইতালির উদ্দেশে দেশ ত্যাগ করেন রাজু আহমদ ও রিহান আহমদ। দালাল তাদের বিভিন্ন দেশ ঘুরিয়ে ক্রোয়েশিয়ার একটি জঙ্গলে রাখে। সেখানেই প্রচণ্ড ঠাণ্ডায় তাদের মৃত্যু হয়।

উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিলাল আহমদ বলেন, তাদের মরদেহ দেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ছাতক থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, দুই যুবকের মৃত্যুর খবর শুনেছি।