চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১টার দিকে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লাহ গ্রামের মরহুম খোদাবক্সের ছেলে রফিকুল ইসলাম ও কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্ণেল নাজমুল হাসান গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য সরোজগঞ্জ বাজারে যাত্রীবাহী বাসটি সনাক্ত করে। এরপর বাসটি (ঢাকা মেট্রো ব ১৫-০৪৫৬) বিজিবি সদর ব্যাটালিয়নের সামনে থামিয়ে সন্দেহজনক দুই ব্যক্তির দেহ তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। সেসঙ্গে আটক ব্যক্তিদের কাছ থেকে ২টি মোবাইল ফোন সেট ও ১০ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে নায়েক সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছে ও জব্দকৃত স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে বলে তিনি জানান।