গতকাল সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘রথযাত্রা একটি বড় ধর্মীয় শোভাযাত্রা। জনসমাগম বেশি হওয়ায় সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রথযাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ছোট-বড় সব রথযাত্রার জন্যই সমান গুরুত্ব দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। রথযাত্রায় দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরতে হবে। নিরাপত্তার জন্য সাদা পোশাকের সদস্য ও লাইনিং ফোর্স মোতায়েন থাকবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।’
সভায় জানানো হয়, ১৬ জুলাই রথযাত্রা ও ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে পিকেট পার্টি, টহল দল, সিসিটিভি পর্যবেক্ষণ, ফুট প্যাট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল টিম, ডিবি, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া রথযাত্রা নির্ধারিত রুট ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়। নামাজ ও আজানের সময় লাউডস্পিকার ব্যবহার থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ বা পোটলা নিয়ে শোভাযাত্রায় অংশ না নেয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।








