ড্রিলিংয়ের সময় ক্ষতিগ্রস্ত আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস সঞ্চালন লাইনের মেরামত সম্পন্ন হয়েছে। ফলে জাতীয় গ্রিডে পুনরায় শুরু হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ। মেরামতের পর এ সঞ্চালন লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে ৬০ কোটি ঘনফুটের বেশি এলএনজি সরবরাহ হচ্ছিল। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, গতকাল রাতের মধ্যে গ্যাস সংকট অনেকটাই কমে যাওয়ার কথা।
জ্বালানি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেরামত সম্পন্নের পর আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইনে গ্যাস কমিশনিং শুরু হয় গতকাল সকাল ৭টা ২০ মিনিটে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হয় বিকালে।
৯ জুলাই কর্ণফুলী টানেল ও কাফকোর মধ্যবর্তী জায়গায় ড্রিলিং করার সময় ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইন ছিদ্র হয়ে যায়। সেখানে চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণের কাজ করছে।
গ্যাস সঞ্চালন কোম্পানি ‘গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড’ (জিটিসিএল) বলছে, সেখানে অবকাঠামো নির্মাণের বিষয়ে তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি।
পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘সব পাইপলাইনের ম্যাপ সঙ্গে রাখতে হবে। ম্যাপিং হাতে থাকলে এমন দুর্ঘটনা ঘটবে না। গ্রাহক ভোগান্তি কমাতে পর্যবেক্ষণ বাড়াতে হবে।’
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান গতকাল বিকালে বণিক বার্তাকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত শেষ হয়েছে। আশা করছি রাতের মধ্যে (শুক্রবার) সারা দেশে গ্যাস সংকট অনেকটা কেটে যাবে।’










