বাতিল হতে যাচ্ছে স্থগিত হওয়া এইচএসসির বাকি পরীক্ষা। মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ কথা জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের সিদ্ধান্ত আসবে।
তবে এ বিষয়ে শিক্ষার্থীরা বলছেন তারা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আন্দোলন থামাবেন না।
এর আগে মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে দুপুরের দিকে দাবি আদায়ে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন।
পরবর্তীতে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যান।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা শুরু হওয়ার পর এরই মধ্যে প্রায় দেড় মাস পার হয়ে গেছে। নতুন রুটিন অনুযায়ী সেপ্টেম্বরের ১১ তারিখে পরীক্ষা হওয়ার কথা। অর্থাৎ আরো একমাস পর পরীক্ষা হবে এবং এ পরীক্ষা শেষ হতে আরো একমাস লাগবে। সব মিলিয়ে এখন পরীক্ষার হলে আমাদের স্নাতকে ভর্তি হতে ৬-৭ মাস লাগবে। এ কারণে আমরা চাই পরীক্ষার ফলাফল দেয়া হোক। দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাব।








