দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি বলেন, খালকে কেন্দ্র করে সেচ সুবিধা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, খালপাড়ে বৃক্ষরোপণ এবং মৎস্যচাষের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

শুক্রবার (১৫ মে) বিকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ‘খোর্দ’ খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খালের পানি ব্যবহার করে সেচ সুবিধা বাড়বে, পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে এবং খালপাড়ে গাছ লাগানো ও মাছ চাষের সুযোগ তৈরি হবে। এসব উদ্যোগ আমাদের আর্থসামাজিক অগ্রগতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনবে।

দেশব্যাপী খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী আগামীকাল চাঁদপুরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পরিদর্শনকালে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।