মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বজ্রপাতে ঈমান তরফদার (৪০) নামে এক কৃষক মারা গেছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল - বানারী ইউনিয়নের আটিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক ঈমান তরফদার আটিগাঁও গ্রামের কালাচাঁন তরফদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভোরে বৃষ্টি শুরু হলে কৃষক ঈমান নিজের আলুর দেখ-ভাল করতে ঘর থেকে বের হন। এ সময় বজ্রপাতে আলুর জমিতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী জানান, ভোরে আটিগাঁও গ্রামে বজ্রপাতে কৃষক ঈমান তরফদার মারা গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।










