ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে পাঁচটি পরিবেশবান্ধব ই-কার চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে এ সেবার উদ্বোধন করেন রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান ও উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

রফিকুল ইসলাম খান বলেন, পাঁচটি ই-কার দিয়ে উদ্যোগ শুরু হলেও পর্যায়ক্রমে সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি জানান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর বিষয়েও তারা কাজ করতে চান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে রুয়া প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করবে।

উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, নির্বাচিত রুয়ার নেতৃত্ব দায়িত্ব নেয়ার পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। বিসিএস পরীক্ষার্থীদের সহায়তা থেকে শুরু করে পরিবহনব্যবস্থা চালুর মতো উদ্যোগ তাদের ধারাবাহিক কাজের প্রতিফলন।

শিক্ষার্থী আবু রেজা বলেন, দীর্ঘদিন শিক্ষার্থীদের যাতায়াতে নানা সমস্যা ছিল। বিশেষ করে নারী শিক্ষার্থীরা রিকশায় চলাচলের সময় হয়রানির শিকার হতো। এছাড়া রিকশাচালকদের অতিরিক্ত ভাড়া ছিল শিক্ষার্থীদের নিয়মিত অভিযোগ। ই-কার চালু হওয়ায় এসব ভোগান্তি কিছুটা কমবে বলে তিনি মনে করেন।

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জানান, পরিবহনব্যবস্থা সহজ করার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি তারা রুয়ার কাছে তুলেছিলেন। রুয়া তা বাস্তবায়ন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অন্য প্রতিশ্রুতিগুলোতেও যৌথভাবে কাজ করতে চান।

ই-কার সেবা পাঁচটি নির্ধারিত রুটে চলবে। এগুলো হলো— কাজলা গেট, বিনোদপুর গেট, রহমতুন্নেসা হল, আমীর আলী হল ও চারুকলা অনুষদ থেকে প্রশাসন ভবনের সামনে পর্যন্ত। প্রতিটি যাত্রায় ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা।