ফরিদপুর, বগুড়া ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরো চারজন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

বগুড়া: বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। গতকাল বেলা পৌনে ১২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু শেরপুর উপজেলার সুপ্তচরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আল আমিন জানান, মজনু তার অটোরিকশা নিয়ে বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে নয়মাইলে রাস্তার ওপর থাকা একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে যায়। এ সময় তিনি ছিটকে পড়েন। পরে পেছনে থাকা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মজনু মারা যান। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুর: ভাঙ্গা পৌরসভার সামনে বাসের ধাক্কায় নূর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গতকাল বিকালে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করেন। নিহত নূর ইসলাম ভাঙ্গা পৌরসভার নূরপুর গ্রামের বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে ওসি মো. খাইরুল আনাম জানান, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। সিসিটিভি ফুটেজ দেখে পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন (১৭) রাউজান উপজেলার সাতলংগা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।