সারা দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ট পর্যন্ত, ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে তিনজন এবং এ রোগের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১৭২ শিশুর। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ২ শিশু এবং সিলেট বিভাগে ১ শিশু হামে মারা যায়। আর এ রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪ শিশুই ঢাকা বিভাগের।

অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯৮ জন শিশুর।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২১৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ জন শিশু এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬৩জন শিশুই ঢাকা বিভাগের।এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭৯৯ জন শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের ৩৭৩ শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ২৯ হাজার ৫৪৯জন শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৭০৫ জন শিশু। তাদের মধ্যে ৪ হাজার ২৩১ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২৭।