ভূমিকম্পের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হলের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে নিরাপত্তা ও হল পরিবর্তনের দাবি জানিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের পর নবনির্মিত দশ তলা (সাকিব-রায়হান) হলে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ৩টায় রাকসু প্রতিনিধি, হলের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামীকাল শিক্ষার্থীরা নতুন হলে উঠতে পারবেন।
এর আগে, বেলা ১১টার দিকে হলের প্রধান ফটকে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। সেখানে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তারা হলটি পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, নতুন হলটি এখনো সম্পূর্ণ প্রস্তুত না। রুম নিয়ে কিছু প্রশ্ন থেকে যায়। আমরা চেষ্টা করছি ঝুঁকিটা কমিয়ে তাদের জন্য একটা ব্যবস্থা করা যায় কি না। যারা এ হলে অনিরাপদ মনে করছে তাদের অস্থায়ী ভিত্তিতে আমরা নতুন হলে উঠতে দিতে পারি। সে জায়গা থেকে তাদের স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। হল প্রশাসন এবং শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে নতুন হলে যেতে পারবে।










