সাতক্ষীরায় জেলি মিশ্রিত ২০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছেন টাস্কফোর্সের সদস্যরা। সকাল বেলা ১০টার দিকে আশাশুনি উপজেলা দক্ষিণ চাপড়া গ্রামের তিনটি বাড়িতে অভিযান চালিয়ে চিংড়িগুলো জব্দ করা হয়। এ সময় তরল জেলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া চিংড়িতে জেলি পুশের অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আশাশুনি থানার উপপরিদর্শক আব্বাস আলী জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় আব্দুল মালেক গাজীর বাড়ি থেকে চিংড়িতে জেলি পুশরত অবস্থায় এক নারী শ্রমিককে আটক করা হয়। ভুল স্বীকার করায় তাকে ছেড়ে দেয়া হয়। ঘটনাস্থল থেকে নয়টি ক্যারেটে ভর্তি প্রায় ২০০ কেজি বাগদা চিংড়ি, তরল জেলি, পুশ করার সিরিঞ্জসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। চিংড়িতে অপদ্রব্য মেশানোর অভিযোগে ব্যবসায়ী আব্দুল মালেক গাজীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।