স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ দফায় ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমে ২২ ক্যারেটের স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
এক বিজ্ঞপ্তিতে আজ দাম সমন্বয়ের তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৫ এপ্রিল সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে ও কমানো হয়েছে ২৪ দফা। গত বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন বাড়ানো হয়েছিল ৬৪ বার ও কমানো হয়েছিল ২৯ বার।
স্বর্ণের পাশাপাশি আরেক মূল্যবান ধাতু রৌপ্যের দামও কমিয়েছে বাজুস। এবার ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত ৩৫ দফা রৌপ্যের দাম সমন্বয় করেছে বাজুস। দাম বাড়ানো হয়েছে ১৯ দফা ও কমানো হয়েছে ১৬ দফা। গত বছর সমন্বয় করা হয়েছি ১৩ বার। এর মধ্যে বেড়েছিল ১০ বার।










