হরমুজ প্রণালি বন্ধ থাকায় এলএনজি রফতানিতে চলমান বিঘ্ন আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতির কারণে সরবরাহ বন্ধের ঘোষণার মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে কাতারএনার্জি। ফলে এ সময়ে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের কাছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার। সোমবার এডিসন ও সংশ্লিষ্ট বাণিজ্যিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইউরোপে কাতারএনার্জির অন্যতম বড় গ্রাহক ইতালির জ্বালানি কোম্পানি এডিসন জানিয়েছে, ডিসেম্বরের শুরু পর্যন্ত তারা কাতারের এলএনজি কার্গো পাবে না।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সরবরাহে বিঘ্ন ঘটার পর গত এপ্রিলে প্রথম ফোর্স ম্যাজিউর নোটিশ দেয়া হয়েছিল। পরে এর মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। দুটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের গ্রাহককেও জানানো হয়েছে, তাদের ক্ষেত্রে ফোর্স ম্যাজিউর নোটিশের মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি কাতারএনার্জি।

ইতালি ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত গ্যাস মজুদের লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে আশাবাদী হলেও জার্মানিসহ কয়েকটি দেশ দ্রুত তাদের গ্যাসের মজুদ বাড়ানোর চেষ্টা করছে।

ইতালির জ্বালানি বাজারের একটি প্ল্যাটফর্মে দেয়া বার্তায় এডিসন জানিয়েছে, কাতারএনার্জি আরো ছয়টি এলএনজি কার্গো বাতিল করবে।

ফ্রান্সের ইডিএফের ইতালীয় সহযোগী প্রতিষ্ঠান এডিসন এখন পর্যন্ত ২৩টি কার্গোর বিকল্প ব্যবস্থা করেছে। কাতার থেকে সরবরাহ না পাওয়া এলএনজির ঘাটতি পূরণে প্রতিষ্ঠানটি মূলত যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর নির্ভর করছে।

কাতারএনার্জির সঙ্গে এডিসনের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। এর আওতায় বছরে ৬৪০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ইতালিতে সরবরাহ করার কথা, যা দেশটির মোট গ্যাস ব্যবহারের প্রায় ১০ শতাংশ।