দিনাজপুরের পার্বতীপুরে পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৮ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন স্বাভাবিক হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে গতকাল সকাল পৌনে ৮টার দিকে পার্বতীপুর শহরের গুলপাড়ায় পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় পার্বতীপুর-রংপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।
জানা গেছে, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসা ট্রেনটি রংপুর যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে গুলপাড়ায় ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুলভ্যান এসে বগি উদ্ধারকাজ শুরু করে। বিকাল ৪টার দিকে বগিগুলো সরিয়ে নেয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে দোলনচাঁপা ট্রেন পার্বতীপুর রেলস্টেশন থেকে সকাল ৯টা ৪০ মিনিটের পরিবর্তে ৭ ঘণ্টা দেরিতে বোনারপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন পার্বতীপুর রেলস্টেশন থেকে সকাল ৯টা ৩০ মিনিটের পরিবর্তে ৮ ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া কমিউটার ট্রেন খোলাহাটি থেকে পার্বতীপুর রেলস্টেশনে ছেড়ে আসে বিকাল ৫টায়, বুড়িমারী এক্সপ্রেস বিকাল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর রেলস্টেশনে পৌঁছায়।
ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, রেললাইনের স্লিপার পরিবর্তনের কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গতি কম ছিল।
ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর রেলস্টেশন মাস্টার মো. রফিক চৌধুরী। রেলের সহকারী নির্বাহী প্রকৌশলীকে (লালমনিরহাট) কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী যান্ত্রিক প্রকৌশলী (এএমই, লালমনিরহাট) ও পরিবহন কর্মকর্তা (এটিও, লালমনিরহাট)। কমিটিকে তিনদিনের মধ্য প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।










